আক্কেলপুরে মাটিচাপা পড়ে কিশোর নিহত

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার শান্তা গ্রামের একটি ইটভাটায় মাটিচাপা পড়ে জনি মণ্ডল (১৪) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জনি উপজেলার আবাদপুর গ্রামের ছায়ের মণ্ডলের ছেলে।
 
আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, জনি স্থানীয় ভানুরকান্দা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। অভাবের তাড়নায় আজই প্রথম সে স্থানীয় ইট ব্যবসায়ী স্বপন আকন্দের মালিকানাধীন ইটভাটায় শ্রমিক হিসেবে যোগদান করে।
 
ওসি আরও জানান, জনি সন্ধ্যার দিকে মাটি কাটার কাজ করছিল। হঠাৎ মাটি সরাতে গিয়ে স্তূপের নিচে পড়ে যায় জনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/এসএস