জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের কপি আজ সোমবার বিকেলে দেয়া হবে। চলছে পূর্ণাঙ্গ রায় প্রকাশের শেষ মুহূর্তের কাজ।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর পেশকার মোকাররম হোসেন সোমবার বেলা ১২টার দিকে বলেন, আজ বিকেলের মধ্যে জিয়া অরফানেজ মামলার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি আইনজীবীদের হাতে তুলে দেয়া হবে।
রায় মোট ৬৩২ পৃষ্ঠার। এটি অনুলিপির (সার্টিফায়েড কপি) পর দলিলের (কার্টিজ পেপার) কাগজে প্রিন্ট হয়ে পৃষ্ঠার সংখ্যা হয়েছে ১১৬৮। প্রতিটা পৃষ্ঠায় বিচারকের সীল ও স্বাক্ষরের কাজ চলছে। এ প্রক্রিয়া শেষ হবে আজ দুপুরের পর। আদালত সূত্রে জানা গেছে, বিচারকের তত্ত্বাবধানে ৩-৪ জন কর্মকর্তা-কর্মচারী পুরোদমে কাজ করছেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। এই মামলায় অন্য আসামি খালেদার বড় ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
ইত্তেফাক/কেকে