গ্যাস পাইপে আগুন, নারীর মৃত্যু

 
সাভারে একটি ঘরে গ্যাস লাইনের লিক থেকে আগুন লেগে নারীর মৃত্যু হয়েছে। এঘটনায় আশঙ্কাজনক অবস্থায় অপর একজনের চিকিৎসা চলছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
 
নিহত ওই নারীর নাম রোমানা বেগম (৩২)। সোমবার গভীর রাতে সাভারের শাহীবাগ এলাকার জনৈক ডা. আব্দুল কুদ্দুসের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, ওই বাড়ির একটি ঘরে সিগারেট জ্বালানোর সময় গ্যাস লাইনে লিক থাকায় হঠাৎ ঘরে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে আগুন পুরো ঘরটিতে ছড়িয়ে পড়ে। এসময় ওই ঘরে থাকা ভাড়াটিয়া রোমানা (৩২) ও তার দেবর রতন মিয়া (৩২) মারাত্মক ভাবে আগুনে দগ্ধ হন।
 
আশঙ্কাজনক অবস্থায় রোমানাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এবং রতন মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রোমানার মৃত্যু হয়। দগ্ধ হওয়া দুজনেই শরীরের প্রায় ৭৫ শতাংশ পুড়ে গেছে।
 
সাভার মডেল থানার উপ-পরিদর্শক সৌমেন মিত্র জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আগুনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 
 
ইত্তেফাক/আরকেজি