কুমিল্লার চান্দিনায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ফুয়াদ (১৮) ও শাহরিয়ার (১৮) নামে দুই যুবককে আটক করা হয়েছে। পরে তাদেরকে দুই বছরের সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বেলা ১১টায় উপজেলা সদরের চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদ।
আটককৃতরা হলেন- উপজেলার মহারং গ্রামের টিপু সুলতানের ছেলে ফুয়াদ আলম (১৮) ও দেবিদ্বার উপজেলার তেবাড়িয়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার ইসলাম (১৮)।
জানা যায়, দেশব্যাপী প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সর্তক অবস্থানে রয়েছে চান্দিনা উপজেলা প্রশাসন। পরীক্ষার শুরু থেকে চান্দিনায়ও প্রশ্নপত্র সরবরাহ হওয়ায় অভিযানে নামেন তারা। গোপন সংবাদের ভিত্তিত্বে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিজেই চান্দিনা-১ পরীক্ষা কেন্দ্রের চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে দুই যুবককে আটক করে। তাদের মোবাইল ফোনে সোমবারের পরীক্ষার হুবহু প্রশ্নপত্র মিলে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ইত্তেফাক/আরকেজি