রাজশাহীর তানোর উপজেলার বিলশহর গ্রাম থেকে বিস্ফোরক দ্রব্যসহ আটক তিন জেএমবির সদস্যকে সন্ত্রাস দমন আইনের মামলায় ১০দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
সোমবার দুপুরে তাদের রাজশাহীর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতে হাজির করা হয়। এসময় আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তা, তানোর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব-৫ এর এসআই হারুন অর রশীদ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামিদের আদালতে হাজির করে ১০দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তবে সোমবার রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়নি।
উল্লেখ্য, রবিবার ভোরে তানোর উপজেলার বিলশহর গ্রাম থেকে শাহেবজান আলী (৩০), আবুল কালাম আজাদ (২৮) ও জাহাঙ্গীর আলমকে (২৮) গ্রেফতার করা হয়। পরে র্যাব-৫ রাজশাহীর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, তানোরে বিস্ফোরকসহ আটক জেএমবির সদস্যদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল।
ইত্তেফাক/আরকেজি