বাগাতিপাড়ায় বাজার তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার আইনে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোর জেলা মোবাইল টিমের মাধ্যমে সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। বাজার তদারকিমূলক এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম।
সূত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়ীয়া বাজারের শান্ত মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করায় মালিক জামলি উদ্দিনকে পাঁচ হাজার, ভাই ভাই স্টোরের মালিক কামরুজ্জামানকে তিন হাজার, লোকমানপুর বাজারে এছার কোম্পানি মেডিকেল সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় দোকান মালিক শহিদুল ইসলামকে তিন হাজার, নূরপুর চকপাড়ায় ভাই ভাই বোকারির উৎপাদনকৃত পণ্যে মোড়ক ও মূল্য তালিকা না থাকায় মালিক আসাদুল ইসলামকে তিন হাজার, তুবা বেকারির মালিক আফসার আলীকে তিন হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এসময় জেলা বাজার অনুসন্ধানকারী নূর-মোমেন, ক্যাব’র জেলা কমিটির সেক্রেটারি রইস উদ্দিন সরকার, উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ, বাগাতিপাড়া প্রেসক্লাব সেক্রেটারি আরিফুল ইসলাম তপু, বাগাতিপাড়া মডেল থানার এসআই রুস্তম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি