কুমিল্লায় ঘুইঙ্গাজুরি খালের ওপর ‘অপরিকল্পিতভাবে’ ব্রিজ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নগরীর সুলতানপুর এলাকায় কয়েকটি এলাকার ক্ষতিগ্রস্ত কয়েকশ’ কৃষক ও আশপাশের এলাকার লোকজন রবিবার দুপুরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, এস.এ বারী সেলিম, মোতালেব মেম্বার, কুদ্দুস মেম্বার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘুইঙ্গাজুরি খালের ওপর ব্রিটিশ আমলে নির্মিত ব্রিজটি ভেঙে এখানে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে অপরিকল্পিতভাবে ১৮৮ ফুটের একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। দীর্ঘ বছর ধরে খনন না করার কারণে এ খালের অনেক স্থান ভরাট হয়ে গেছে। এতে বর্ষাকালে এ খাল পানিতে নিমজ্জিত হয়ে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। ব্রিজটি অপরিকল্পিতভাবে নির্মাণ করা হলে খালের দুই পার্শ্বের সুলতানপুর, শাকতলা, জাঙ্গালিয়া এলাকার শত শত কৃষকের কয়েক হাজার একর ফসলি জমি নষ্ট হবে। তাই খালের নির্দিষ্ট মাপে সরকারি জায়গায় ব্রিজটি নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং এলজিইডি ও সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। কৃষক ও জনগণের যেন কোনো প্রকার ক্ষতি না হয় সেভাবে ব্রিজটির নকশা করা হয়েছে।’
ইত্তেফাক/নূহু