নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দু'গ্রুপের সংঘর্ষে দুই স্কুলছাত্রী সহ ১০ জন আহত হয়েছেন। এসময় চারটি পরিবারের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে আনিস শেখ (৩৫), জাকির শেখ (৬০), নাজির শেখ (৫৫), আফজাল শেখ (৪৫), কাওছার শেখ (৫৪), ৮ম শ্রেণীর স্কুল ছাত্রী সুখী খানম (১৩) ও সুফিয়া খানমকে (১৫) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বাহিরপাড়া গ্রামের রশিদ শেখ ও ইসরাফিল শেখের মধ্যে জমিজমা দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলে আসছে। ৬ বছর পর এই মামলায় রশিদ শেখ তার পক্ষে রায় পান। এ নিয়ে প্রতিপক্ষ ইসরাফিল শেখ উচ্চ আদালতে আপীল করে এবং বিরোধপূর্ণ ওই জমিতে ঘর তুলতে যায়। এসময় রশিদ শেখ বাধা দিলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ ও এলাকাবাসী আরও জানায়, এর জের ধরে মঙ্গলবার সকালে ইসরাফিল শেখ তার লোকজন নিয়ে অতর্কিতভাবে রশিদ শেখের লোকজনের ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ও মারপিট করে আহত করে। ঘটনার সময় রশিদ শেখ, কওছার শেখ, আবজাল শেখ ও সাবেক ইউপি সদস্য আলী আহম্মদের বাড়িঘর ভাংচুর করা হয় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।
কাশিপুর ইউপি সদস্য মো. ইব্রাহিম জানান, বিরোধপূর্ণ জমিতে ঘর উঠানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইত্তেফাক/এসএস