ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ, আটক ৫

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। মঙ্গলবার সকালে শহরের টান বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালাইশ্রী পাড়ায় সংক্ষিপ্ত সমাবেশ করে। 
 
জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুবদল যুগ্ম আহবায়ক আলী আজম প্রমুখ। এসময় বক্তারা বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান। 
 
এদিকে সমাবেশ শেষে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশিকুল ইসলাম সুমন, জেলা বিএনপি সদস্য ও সাবেক কাউন্সিলর ফারুক, জেলা যুবদল নেতা ওসমান, ছাত্রদল নেতা টিপুকে আটক করেছে পুলিশ। 
 
ইত্তেফাক/এমআই