বরিশালে জাপার মতবিনিময় সভায় মন্ত্রীর সামনে হাতাহাতি

বরিশালে জাতীয় পার্টির (এ) বিভাগীয় মতবিনিময় সভায় দুই মন্ত্রীর সামনে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে জাতীয় পার্টির বিভাগীয় মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। 
 
বরিশাল জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক বশির আহম্মেদ ঝুনুর অনুসারী সাদি নামে এক কর্মীর সঙ্গে মহানগর জাতীয় পার্টির (এ) সভাপতি একেএম মরতুজা আবেদীনের বেশ কয়েকজন অনুসারীর দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। ঘটনার পরপরই মরতুজা আবেদীনের লোকজন ঘটনাস্থল ত্যাগ করে।
 
বশির আহম্মেদ ঝুনুর অনুসারী সাদি জানান, সামনে যাওয়া নিয়ে সামান্য ঝামেলা হয়েছিল। সমাধান হয়ে গেছে।  
 
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য এবং বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং কর্মসংস্থান ও শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, বেগম নাসরিন জাহান রত্মা এমপি ও শফিকুল ইসলাম সেন্টু।
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, যুগ্ম আহ্বায়ক বশির আহম্মেদ ঝুনু, মহানগর জাতীয় পার্টির সভাপতি একেএম মরতুজা আবেদীন প্রমুখ।
 
সভায় বন ও পরিবেশমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘আমরা ৯ বছর ক্ষমতায় ছিলাম। তা মানুষ এখনো স্মরণ করে। মানুষ বলে জাতীয় পার্টি শ্রেষ্ঠ সরকার। আমাদের সময় আমরা দুর্নীতি করিনি। আমরা জনগণের উন্নয়ন করেছি।’
 
ইত্তেফাক/ইউবি