একুশের প্রথম প্রহরে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে মানুষের ঢল

আর্ন্তজার্তিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদ আব্দুল জব্বারের গ্রামের বাড়ি গফরগাঁওয়ের পাঁচুয়াতে (জব্বার নগর) মঙ্গলবার দিবাগত রাতে হাজারো মানুষের ঢল নামে। উপজেলা সদর থেকে ৪ কিঃ মিঃ দূরে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে উপজেলা সদরসহ বিভিন্ন ই্উনিয়ন থেকে কয়েকশত যানবাহনে চড়ে উপস্থিত হন কয়েক হাজার মানুষ।

রাত ১২টার পূর্বেই ভাষা শহীদের বাড়ি সংলগ্ন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা কানায় কানায় ভরে যায়। রাত ১২টা ১মিনিটে শহীদ বেদীতে প্রথমে স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল এমপি’র পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম রহমান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একে একে গফরগাঁও প্রেসক্লাব, সূূর্যসারথী, খেলাঘর, আসরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনসমূহ এবং সর্বস্তরের হাজারো জনতা পুষ্পার্ঘ অর্পন করে।

ইত্তেফাক/নূহু