শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরি, জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আজ বুধবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মির্জাপুর প্রেস ক্লাব, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদ মিনারে পুষ্প স্তব অর্পণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবরসহ সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে উপজেলা পরিষদ চত্বরে শিশুদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিকে দানবীর রনদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত সেবাধর্মী প্রতিষ্ঠান কুমুদিনী কমপ্লেক্সেরও নানা আয়োজনে মহান শহীদ দিবস পালন করা হয়েছে। সকালে কুমুদিনী হাসপাতালের প্রধান ফটকে ছাত্রীদের অংশগ্রহণে নীরবতা পালন ও জাতীয় পতাকা উত্তোলন করেন হাসপাতালের পরিচারক ডা. দুলাল চন্দ্র পোদ্দার। সকাল সাড়ে ৭টায় ভারতেশ্বরী হোমসের সবুজ চত্বরে শহীদ মিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক এবং ভাষা সৈনিক প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, একুশে পদক প্রাপ্ত ও ভাষা সৈনিক প্রধান অতিথি প্রতিভা মুৎসুদ্দি, কুমুদিনী হাসপাতালের মেডিক্যাল সুপারিটেনডেন্ট ডা. প্রদীপ কুমার রায়, ভারতেশ্বরী হোমসের সিনিয়র শিক্ষিকা হেনা সুলতানা, উপাধ্যক্ষ মি. গোলাম কিবরিয়া, প্রিন্সিপাল মিসেস প্রতিভা রানী হালদার প্রমুখ।
ইত্তেফাক/এসএস