জয়পুরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। আজ বুধবার শহীদ ডা. আবুল কাশেম ময়দানের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ সহ প্রভাতফেরীতে অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠান।
 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য একুশের প্রথম প্রহরে  রাত ১২টা ১ মিনিটে  জেলা প্রশাসক মোকাম্মেল হকের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মো. রশীদুল হাসানের নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আরিফুর রহমান রকেটের নেতৃত্বে জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেনের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ সরকারি বিভিন্ন দফতর থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, বিএনপি, সিপিবি, বাসদ, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্প্যমাল্য অর্পণ করেন।
 
২১ ফেব্রুয়ারি ভোর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  প্রভাতফেরি নিয়ে শহীদ মিনারে আসেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি ও সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ পুষ্প্যমাল্য অর্পণ করে। শহীদ মিনার পাদদেশে শিশুদের জন্য রচনা, সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে শিশু একাডেমি।
 
ইত্তেফাক/এসএস