১ লাখ মঙ্গল প্রদীপ প্রজ্বলন

 
‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ এই স্লোগান নিয়ে প্রতি বছরের মতো এবারো নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে ভাষা শহীদদের স্মরণে প্রজ্বলন করা হয়েছে এক লাখ মঙ্গল প্রদীপ। ১৯৯৮ সাল থেকে একুশে সন্ধ্যায় নড়াইল একুশের আলো এ আয়োজন করে আসছে।
 
সূর্যাস্তের সাথে সাথে ২১শে সন্ধ্যায় শুরু হয় এক লাখ মঙ্গল প্রদীপ প্রজ্বলন। শহীদ মিনার, জাতীয় স্মৃতি সৌধ, বাংলা বর্ণমালা, আল্পনাসহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। সে সাথে ভাষা দিবসের ৬৭তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ৬৭টি ফানুস উড়িয়ে দেয়। ৬টা ২০মিনিটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা ‘আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এই গান পরিবেশনের সাথে সাথে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী।
 
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস প্রমুখ।
IMG0
নড়াইল একুশের আলোর আহ্বায়ক প্রফেসর মুন্সী হাফিজুর রহমান বলেন, “সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা মুক্ত সুখী সুন্দর বাংলাদেশের স্বপ্নকে ধারণ করে প্রতি বছর আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটি ঘর মুক্তির আলোকচ্ছটায় দীপ্যমান হয়ে উঠুক এ কামনা আমাদের।”
 
নড়াইল একুশের আলোর সদস্য সচিব নাট্য ব্যক্তিত্ব কচি খন্দকার বলেন, “বাংলাদেশের মাটিতে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। একুশের এই মঙ্গল প্রদীপের আলোয় দূর হবে সকল অন্ধকার। এ উদ্দেশ্য নিয়েই আমাদের এ আয়োজন।”
 
স্কয়ারের আর্থিক সহযোগিতায় নড়াইল একুশের আলো-২০১৮ একুশের ভাষা শহীদদের স্মরণে বুধবার সন্ধ্যায় এ মঙ্গল প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানের আয়োজন করে।
 
ইত্তেফাক/আরকেজি