বাল্যবিবাহের ঘটনায় তানোরে ইমামসহ ৫ জন জেলহাজতে

রাজশাহীর তানোরে বাল্যবিবাহের ঘটনায় ৫ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে তানোর উপজেলার কলমা ইউপি এলাকার চকরহমতপুর গ্রামের আব্দুর সালামের পুত্র রাজিব হোসেনের (২৪) সাথে তানোর পৌর এলাকার একটি গ্রামের জনৈক ব্যক্তির কন্যা ৯ম শ্রেণির ছাত্রীর (১৫) বিয়ে হয়।


গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার উপ-পরিদর্শক এসআই আবু রায়হান সংগীয় ফোর্সসহ বিয়ে বাড়িতে গিয়ে বাল্য বিয়ে দেওয়ার প্রমাণ পান। এ সময় বর রাজিব হোসেন পালিয়ে গেলে তার দুলাভাই রায়হান ওরোফে রতন (৩৫), ফুপা জয়নাল (৪২), করেন পিতা মোসলেম উদ্দীন (৪০), চাচা সাইদুর রহমানসহ (৪৫) কালনা গ্রামের ইমাম ইয়াদুল্ল্াহকে (৫৫) আটক করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে তানোর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, এ ঘটনায় তানোর উপজেলা সমাজসেবা অফিসার মতিনুর রহমান বাদি হয়ে রাতে বাল্য বিয়ে প্রতিরোধ আইনে বর রাজিবসহ বরের পিতা আব্দুস সালাম, তানোর পৌরসভার কাজী সালাহ উদ্দিনসহ ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আসামিদের মধ্যে ৫ জনকে বুধবার সন্ধ্যায় জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/নূহু