মাহফিল শেষে বাড়ি ফেরার পথে বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় শ্বশুর ও জামাতা নিহত হয়েছেন। জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে কাছেমবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উজিরপুর উপজেলার উত্তর শোলক গ্রামের মৃত মেছের আলী সিকদারের পুত্র মফছের শিকদার (৮০), তার মেয়ে জামাতা গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের মৃত মতলেব তালুকদারের পুত্র সরোয়ার তালুকদার (৫৫)।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ শাহাদৎ হোসেন জানান, গৌরনদী উপজেলার কাছেমাবাদ মাদ্রাসা প্রাঙ্গণের বার্ষিক ওয়াজ মাহফিল শেষে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে দুজন বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কাছেমাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুজনকে চাপা দেয়। মুমূর্ষ অবস্থায় মফছেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষ অবস্থায় জামাতা সরোয়ারকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তির পর সে মারা যায়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
ইত্তেফাক/নূহু