পূর্বধলায় বিনামূল্যে চিকিৎসা সেবা

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ বুধবার নেত্রকোনার পূর্বধলায় স্থানীয় “মানব কল্যাণে আমরা” সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

উপজেলার হোগলা ইউনিয়নের হোগলা মধ্য বাজারে সংগঠনের উপদেষ্টা বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মো. দেলোয়ার জাহান খান ও ডা. মো. শুক্কুর আলী রিয়েল এ চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় এলাকার প্রায় সাড়ে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে রক্তের সুগার, হেপাটাইটিস-বি ও রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

চিকিৎসা সেবা প্রদানের সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু