জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ :নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,  জনগণের  দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া শেখ হাসিনার সরকারের একটি বড় চ্যালেঞ্জ। সরকার স্বাস্থ্য বিভাগকে শক্তিশালী করতে জেলা ও উপজেলায় কমিউনিটি ক্লিনিক  নির্মাণসহ  বিভিন্ন হাসপাতাল  সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে  এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বুধবার রাজশাহী বক্ষব্যাধি হাসপাতাল ও ডেন্টাল কলেজ পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এ সময় রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পৌঁছে দিতে ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে এবং শিগগিরই আরো ১০ হাজার ডাক্তার এবং তিন হাজার নার্স নিয়োগ দেওয়া হবে। চিকিত্সা ক্ষেত্রে সকল সংকট দূর করা হয়েছে। তিনি আরো বলেন, পুনরায় আওয়ামী লীগ সরকার নির্বাচিত হলে বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান আরো বৃদ্ধি পাবে। মন্ত্রী স্বাস্থ্য বিভাগ তথা বাংলাদেশের সার্বিক উন্নয়ন ধরে রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান।

মন্ত্রী বক্ষব্যাধি হাসপাতালের  কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং   এ হাসপাতালের জন্য আরো একটি ভবন এবং প্রয়োজনীয় আধুনিক চিকিত্সা যন্ত্রপাতি সরবরাহের আশ্বাস দেন।

মতবিনিময় অনুষ্ঠানে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবীব, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম ঠান্ডু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়াসহ হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু