খুলনার ডুমুরিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশ সদস্যসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার রাতে ডুমুরিয়া থানা থেকে পুলিশের ওই সদস্য দুইজনকে এবং সাতক্ষীরা থেকে অপর দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ডুমুরিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুর রউফ বিশ্বাস ও কনস্টেবল নাদিম এবং ট্রাক চালক মনির সরদার ও তার সহযোগী রাজু ঘোষ। গ্রেফতারকৃত ট্রাক চালক মনির সরদার সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর গ্রামের মোকসেদ সরদারের ছেলে ও রাজু ঘোষ সাতক্ষীরা সদরের পুরাতন সাতক্ষীরা গ্রামের স্বপন ঘোষের ছেলে। দুই পুলিশ সদস্যের কাছ থেকে ব্যবসায়ীর ছিনতাই হওয়া ৬লাখ ৫৫ হাজার ৫শ' টাকা উদ্ধার করা হয়েছে।
ডুমুরিয়া থানা পুলিশ জানায়, গত ১৫ ফেব্রুয়ারি রাতে সাতক্ষীরা সদর উপজেলার নলকুড়া গ্রামের গরু ব্যবসায়ী গোলাম রসুল লিটন ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া হাটে ২২টি গরু বিক্রি করে ৯ লাখ ১৫ হাজার টাকা নিয়ে ট্রাকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের চুকনগর এলাকায় একটি মোটরসাইকেলে সাদা পোশাকে দুইজন এসে ট্রাকের গতিরোধ করে। তারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ট্রাকে মাদক আছে বলে তল্লাশি করতে থাকে। তল্লাশির এক পর্যায়ে হঠাৎ তারা অস্ত্র দেখিয়ে গরু ব্যবসায়ী গোলাম রসুল লিটনের কাছে থাকা ৯ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়। এ ঘটনায় গরু ব্যবসায়ী গোলাম রসুল লিটন ওই রাতেই মামলা দায়ের করেন।
খুলনার পুলিশ সুপার নিজামুল হক মোল্যা জানান, গরু ব্যবসায়ীর মামলায় পুলিশ সদস্য এএসআই আবদুর রউফ এবং কনস্টেবল নাদিমসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে ছিনতাই হওয়া ৯ লাখ ১৫ হাজার টাকার মধ্যে দুই পুলিশ সদস্যের কাছ থেকে ৬লাখ ৫৫ হাজার ৫০০টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। তিনি বলেন, গ্রেফতারকৃত পুলিশ সদস্যসহ চারজনকে গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এসএস