বরিশালের গৌরনদীতে আগামী ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি বিরোধী গনশুনানি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যালয়ে প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব খন্দকার শাহে আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দুদকের বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ আবু সাঈদ।
বিশেষ অতিথি ছিলেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক এবিএম আব্দুস সবুর, উপ-সহকারী পরিচালক রনজিৎ কুমার কর্মকার।
বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন, সদস্য মোহাম্মাদ আলী, রাজারাম সাহা, প্রমান্দ ঘরামী, মোঃ মামুন মিয়া, শামীম মীর প্রমুখ।
এর আগে দুদক কর্মকর্তারা গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন ও গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেনের সাথে বৈঠক করেন।
আগামী ২৭ ফেব্রুয়ারী গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী গণশুনানী অনুষ্ঠিত হবে। গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ।
দুদক সূত্রে জানা গেছে, গৌরনদীর ভুমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব-রেজেষ্ট্রি অফিস, বিদ্যুত অফিস, হাসপাতাল, হিসাব রক্ষণ অফিস, পিআইও অফিস, সমাজ সেবা অফিস, সমবায় অফিস, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ ও দুনীর্তির কারণে হয়রানীর শিকার জনসাধারনের অভিযোগের ভিত্তিতে ওই দিন শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করবে দুদক। তাই দুদকের পক্ষ থেকে দুর্নীতিবাজ কর্মকর্তা- কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ প্রদানের অনুরোধ জানানো হয়েছে।
ইত্তেফাক/নূহু