দেশবরেণ্য আলেমেদ্বীন হযরত আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ্জি হুজুরের বড় ছেলে ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমীরে শরীয়ত, হেফাজাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা ক্বারী শাহ আহমাদুল্লাহ আশরাফ হুজুর আজ শুক্রবার সকাল সাতটা ৩০ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ৱাজিউন৷ তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর। মৃত্যুকালে স্ত্রী, নয় পুত্র, আট কন্যা, অসংখ্য ছাত্র-ভক্ত-গুনগ্রাহী, শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে সারাদেশের আলেম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মরহুমের নামাজে জানাযা আজ বাদ আছর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত হবে বলে জানান,খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী ও দফতর সম্পাদক হাফেজ মাওলানা সানাউল্লাহ। তারা জানান, জটিল ডায়েবেটিকস ও প্রচন্ড শ্বাসকষ্টসহ জটিলতা দেখা দিলে কারী শাহ্ আহমদুল্লাহ আশরাফকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ২০১৪ সালের মার্চ থেকে অসুস্থ হয়ে বিছানায় শায়িত ছিলেন। জানাজা শেষে মাদরাসা প্রাঙ্গনে তার পিতা হযরত হাফেজ্জি হুজুরের কবরের পাশে দাফন করা হবে।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ৭ মে হাফেজ্জী হুজুরের ইন্তেকালের পর খেলাফত আন্দোলনের দায়িত্ব ভার গ্রহণ করেন মাওলানা ক্বারী শাহ আহমাদুল্লাহ আশরাফ। একটানা ২৭ বছর আমীরের দায়িত্ব পালন করেন । পরে তিঁনি পর পর কয়েক বার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে খেলাফত আন্দোলনের দায়িত্ব ভার অর্পণ করেন তার ছোট ভাই ক্বারী আল্লামা শাহ আতাউল্লাহকে।
ইত্তেফাক/এএম