এবার মারপিটের শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এটিএম এনামুল জহিরের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পক্ষে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল মজুমদার রাজশাহীর চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে অধিকতর শুনানির জন্য আগামীকাল রবিবার দিন ধার্য করেছেন।
অন্যদিকে রামেকের ৮ ইন্টার্নি চিকিৎসকদের বিরুদ্ধে রাজশাহী বারের আইনজীবীর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে অঘোষিত কর্মবিরতি পালন করছেন ইন্টার্নি চিকিৎসকরা। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে সরেজমিনে হাসপাতালের ওয়ার্ড ঘুরে দেখা যায়, হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগী থাকলেও নেই কোনো ইন্টার্নি চিকিৎসক। সবচাইতে বেশি সমস্যার মধ্যে পড়েছে নতুন ভর্তিকৃত ওয়ার্ডগুলোতে আসা রোগীরা। কারণ হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে প্রথম ইন্টার্নি চিকিৎসকরাই সেবা দিয়ে থাকেন।
মামলার বাদী ইসমাইল মজুমদার নিজে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মামলায় শিক্ষক এনামুল জহিরকে একমাত্র আসামি করা হয়েছে। মামলার আর্জিতে তার বিরুদ্ধে রামেক হাসপাতালের নারী ইন্টার্ন চিকিৎসক মেরি প্রিয়াঙ্কার সঙ্গে অশালীন আচরণ এবং তাকে মারধরের অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন মেয়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাচ্ছিলেন রাবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম এনামুল জহির। এ সময় হাসপাতালের ভেতর মেরি প্রিয়াঙ্কা নামে এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে তার ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
অভিযোগ রয়েছে, এ সময় মেরি প্রিয়াঙ্কার আহ্বানে হাসপাতালের অন্যান্য ইন্টার্নি চিকিৎসকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনামুল জহিরকে আটকে রেখে বেধড়ক মারধর করেন। এতে তার কপাল ও একটি চোখ ফুলে সেখানে কালশিটে দাগ পড়ে গেছে। এই শিক্ষক এখন রামেক হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় বলা হয়েছে, মেরি প্রিয়াঙ্কাকে তিনি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছেন এবং তাকে বাজে ভাষায় কথা বলেছেন।
এদিকে শিক্ষককে মারধরের বিষয়টি জানাজানি হলে পরদিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা। মারধরের খবর গণমাধ্যমে এলে ১৫ ফেব্রুয়ারি রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কুদরত-ই-খোদা তার আদালতে স্বপ্রণোদিত হয়ে একটি পিটিশন মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে আগামীকাল রবিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার জন্য তিনি নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
এদিকে আদালতের বিচারকের স্বপ্রণোদিত মামলাটি দায়ের হলে রামেকের ইন্টার্নি চিকিৎসকরা কর্মবিরতি পালন শুরু করেন। পরে গত মঙ্গলবার ইন্টার্নি চিকিৎসকদের শাস্তির দাবিতে রাজশাহীর আদালত চত্বরে মানববন্ধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সমিতির সদস্যরা। এ দিনই শিক্ষক এনামুল জহিরকে মারধরের অভিযোগে রাজশাহীর একজন আইনজীবী বাদী হয়ে মেরি প্রিয়াঙ্কাসহ রামেকের ৮ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এ মামলাটিরও শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য রয়েছে।
অপরদিকে অঘোষিত কর্মবিরতির কথা ইন্টার্নি চিকিৎসকরা সরাসরি স্বীকার না করলেও হাসপাতাল ঘুরে তাদের ডিউটি পালন করতে দেখা যায়নি। এ বিষয়ে রামেক হাসপাতাল ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি ডা. কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা এখনই বলা যাচ্ছে না। পরে জানাবেন বলে জানান। তবে রামেক হাসপাতালের অন্যান্য সূত্রগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত থেকেই টানা কর্মবিরতিতে রয়েছেন ইন্টার্নি চিকিৎসকরা। তাই এখন সিএ ও রেজিস্ট্রাররা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জামিলুর রহমান শুক্রবার বিকেলে হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের নিয়ে বসার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি বুধবার রাতে নারী ইন্টার্ন চিকিৎসককে খারাপ কথা বলার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল জহিরকে মারধর করে ইন্টার্নি চিকিৎসকরা। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঘটনা তদন্ত করে ২৫ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ দেন রাজপাড়া থানার ওসিকে। তারপর গত কয়েকদিন আগে ৮ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
ইত্তেফাক/আরকেজি