আগামী ৩ মার্চ শনিবার খুলনায় জনসভায় করবে আওয়ামী লীগ। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর জনসভা সফলে বিশেষ প্রস্তুতি সভা করেছে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগ। আজ শুক্রবার বিকেলে স্থানীয় মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সিলেট, বরিশাল ও সর্বশেষ গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে জনসভা হয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। লাখ লাখ লোক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এসব জনসভা সফল করতে ছাত্রলীগ যথেষ্ট ভূমিকা রেখেছে।
তিনি বলেন, আগামী শনিবার খুলনায় জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভা সফল করতে ছাত্রলীগ সবচেয়ে বড় ভূমিকা রাখবে। বৃহত্তর খুলনা আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত। আগামী সিটি কর্পোরেশনসহ সকল জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচনেও এ অঞ্চলের মানুষ নৌকাকে বিপুল ব্যবধানে বিজয়ী করবে। এসময় জনসভা সফল করতে ছাত্রলীগের প্রতিটি ইউনিটকে নির্দেশ দেন তিনি।
খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্ব এবং খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল ও খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনে সঞ্চালনায় কেন্দ্র ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ রেজা