পলাশবাড়ীতে ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা

গাইবান্ধা জেলার অন্তর্গত পলাশবাড়ী উপজেলা শাখায় গঠনতন্ত্রবিরোধী নবগঠিত দুইটি কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক মোঃ আব্দুল লতিফ আকন্দ, যুগ্ম আহ্বায়ক মোঃ রাহাদ মাহমুদ রনি ও যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আহমেদ শাকিলকে গঠনতন্ত্র ভঙ্গ কেন তাদের শাস্তি দেয়া হবে না সেজন্য ৪৮ ঘন্টার মধ্যে  কারণ দর্শাতে বলা হয়েছে।
 
উল্লেখ্য, গত বছরের ২৯ ‍জুলাই গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সাত মাস পর ২১ ফেব্রুয়ারি জেলার আহ্বায়ক আব্দুল লতিফ ও যুগ্ম আহ্বায়ক রাহাদ মাহমুদ রনি মামুন অর রশিদ সুমনকে সভাপতি ও খন্দকার ফরহাদ হোসেনকে সাধারন সম্পাদক করে কমিটি দেন। এতে ক্ষিপ্ত হয়ে একদিন পরে জেলার অপর যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আহমেদ শাকিল একাই মোস্তাকিম সরকার বাবলাকে সভাপতি ও নজিবুর রহমান নয়নকে সাধারন সম্পাদক করে পাল্টা কমিটি দেন। ২৩ ফেব্রুয়ারি নয়ন দ্বিতীয় কমিটির সাধারন সম্পাদক পদ থেকে নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দেন।
 
ইত্তেফাক/ ইউবি