উপজেলার সদরে স্থাপিত তাড়াশ হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার ২৬টি আমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে মাদ্রাসার নেম ফলক ও শ্রেণি কক্ষের বেড়ার টিন কুপিয়ে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিয়েছে তারা।শুক্রবার দিবাগত রাতের এ ঘটনা।
মাদ্রাসার সহকারী শিক্ষক মো. সাইদুর রহমান জানিয়েছেন, রাতের আধারে কে বা কারা মাদ্রাসা মাঠে লাগানো ২৬টি ছোট আমগাছ কেটে দেয়। এছাড়া মাদ্রাসার ভেতরে প্রবেশ পথে থাকা একটি বড় নেম ফলক ও শ্রেণি কক্ষের বেড়ার টিন কুপিয়ে ফেলে রেখে যায়।
মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মো. গোলাম ইয়াসিন জানান, এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় মাদ্রাসায় তিনি ছিলেন না। এদিকে বেশ কয়েকদিন ধরে হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা ছুটি থাকায় সেখানেও কেউ ছিলেন না। এ সুযোগে দুর্বৃত্তরা মাদ্রাসার বড় ধরনের ক্ষতি সাধিত করে।
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর রহমান জানান, মাদ্রাসা কর্তৃপক্ষ মৌখিকভাবে বিষয়টি তাকে জানিয়েছেন।লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইত্তেফাক/কেকে