ময়মনসিংহের গৌরীপুরে ইটখলার লড়ির চাপায় মোটরসাইকেল আরোহী স্থানীয় কাপড় ব্যবসায়ী হাফেজ আব্দুল লতিফ (৪৫) নামের এক ব্যক্তির নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলা সদরের মধ্যবাজার বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তিনি মধ্যবাজারে অবস্থিত তামান্না বস্ত্রালয়ের মালিক ও উপজেলার বোকাইনগর ইউনিয়নের স্বল্প পশ্চিমপাড়ার আব্দুল খালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হাফেজ আব্দুল লতিফ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে আসছিলেন। এসময় মধ্যবাজার বড় মসজিদের সামনে লড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুল লতিফ দুই সন্তানের জনক।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ জানান, ঘাতক লড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/কেকে