ভারতের দিল্লির দ্বারকা এলাকায় গত কয়েকদিন ধরে একটি সাপ একই জায়গায় অবস্থান করছে। গ্রামের মানুষ মনে করছেন, এই সাপটি কোনো দেবদেবীর জন্যই তপস্যা করছে। সাপটি দেখার জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসছে।
এক হিন্দি দৈনিকের প্রতিবেদন থেকে জানা গেছে, দ্বারকায় খানপুর গ্রামে গত কয়েকদিন ধরে একই জায়গায় সাপটি বসে রয়েছে। গ্রামের মানুষ মনে করছেন, সাপটি কোনো দেবদেবীর জন্যই তপস্যা করছে। সাপটি তপস্যা করছে ভেবে, তার পাশে শিব ঠাকুরের ছবি রেখে দিয়েছেন গ্রামের মানুষ। গ্রামবাসীরা সেখানে একটি মন্দির বানানোর উদ্যোগ নিয়েছেন।
সাপ সাধারণত এইভাবে একটি খোলা জায়গায় বসে থাকে না। বিশেষ করে মানুষের ভিড় দেখলে পালিয়ে যায়। কিন্তু এই কেউটে সাপটি একই জায়গায় রয়েছে বেশ কিছুদিন ধরে।
কিন্তু অন্যদিকে কিছু মানুষের বক্তব্য, সাপটি অসুস্থ বলে এক জায়গায় বসে রয়েছে। তার দরকার চিকিৎসা। মানুষের ভিড় আর ক্রমাগত ছবি তোলার কারণ সাপটি আরো ঘাবড়ে গেছে।
ইত্তেফাক/ইউবি