স্কেইলআপ বাংলাদেশ, বাংলাদেশের ক্ষুদ্র ও বর্ধনশীল ব্যবসার (এসজিবি) জন্য একটি বছর মেয়াদি বিনিয়োগ প্রস্তুতিমূলক অ্যাকসিলারেটর কর্মসূচি। রাজধানীর মহাখালির ব্র্যাক সেন্টার ইনে শনিবার এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বেটারস্টোরিজ অনুষ্ঠানটি আয়োজন করে। যৌথভাবে আরো ছিলেন আভিস্কার, গ্রামীণফোন অ্যাকসিলারেটর, ব্রিটিশ কাউন্সিল, পামএনএল এবং ক্লাইমেট বিজনেস ইনোভেশন নেটওয়ার্ক (সিবিআইএন)।
বাংলাদেশী ব্যবসা উদ্যোগের উন্নয়ন, বিনিয়োগ উপযুক্ত হওয়া ও নিশ্চিত ভবিষ্যতের জন্য সহায়ক হবে এই অ্যাকসিলারেটর কর্মসুচি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় আরো বক্তব্য রাখেন আইএফসি সাউথ এশিয়া’র অপারেশন্স অফিসার ও পিপিসিআর এর প্রজেক্ট লিড হারশ বিবেক, বেটারস্টোরিজ লিমিটেড এর চিফস্টোরি টেলার মিনহাজ আনওয়ার, গ্রামীনফোন এর চিফ ট্রান্সফরমেশন অফিসার কাজী মাহবুব হাসান, ইউএস অ্যামবাসি, ঢাকার ডেপুটি চিফ অব মিশন জোয়েল রিফম্যান এবং বাংলাদেশ স্টার্টআপ কাপ ২০১৭-র খুলনা বিভাগের বিজয়ী শারমিন সুলতানা।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘এসএমই বাংলাদেশের অর্থনীতির মেরুদ- এবং তাদের নিয়ে কাজ করা নিঃসন্দেহে একটি অসাধারণ উদ্যোগ। আমি আশা করছি বেটারস্টোরিজ লিমিটেড এভাবে সমাজের ভাল গল্পগুলো সামনে নিয়ে আসবে স্কেইলআপ বাংলাদেশ ২০১৮ এর মাধ্যমে।’
বেটারস্টোরিজের চিফ স্টোরি টেলার মিনহাজ আনওয়ার বলেন, ‘স্কেইলআপ বাংলাদেশ একেবারে নতুন একটি অ্যাকসিলারেটর কর্মসূচি। বাংলাদেশের ক্ষুদ্র ও বর্ধনশীল ব্যবসার জন্য বিশেষ সহায়ক এই কর্মসূচি তাদের সক্ষমতা এবং সম্ভাবনাকে বৃদ্ধি করবে। দীর্ঘদিনের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা আর বাংলাদেশের বিনিয়োগ ইকো সিস্টেম সম্পর্কিত দক্ষতার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই সহায়ক কর্মসূচি। এই উদ্যোগে গুরুত্বপূর্ণ পার্টনার হিসাবে আইএফসিকে পেয়েছি। পাশাপাশি গ্রামীণফোন অ্যাকসিলারেটর, ব্রিটিশ কাউন্সিল, আবিস্কার, পামএনএল এবং ক্লাইমেট বিজনেস ইনোভেশন নেটওয়ার্ককে (সিবিআইএন) পাওয়ায় আমরা বিশেষভাবে আনন্দিত।’
ইত্তেফাক/ রেজা