বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারকে চালাচ্ছে পুলিশ বাহিনী। জোর করে ক্ষমতায় থাকার জন্য সরকারের কাছে তাদের দলের চেয়েও পুলিশ বাহিনী বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে অলমোস্ট একটা পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। স্বরাস্ট্রমন্ত্রী এক কথা বললেন, আর আইজি সাহেব যারা পুলিশ চালান তারা বললেন আরেক কথা। তাহলে মনে হয় সরকারের মধ্যে বিরাট একটি সমন্বয়হীনতা আছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরামের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাজা বাতিল ও নি:শর্ত মুক্তির দাবিতে এক সমাবেশে একথা বলেন তিনি। আরও বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, আয়োজক সংগঠনের সভাপতি মুহম্মদ সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।
মওদুদ আহমদ বলেন, আজকে আমাদের শান্তিপূর্ণ একটা অনুষ্ঠান ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন শান্তিপূর্ণ অনুষ্ঠানে সরকার বাধা দিবে না। কিন্তু বাধা দেওয়া হয়েছে। হয় উনার নেতৃত্বে, না হয় উনার কথার কোনো মূল্য নেই।
তিনি বলেন, আমরা কোনো ধরনের সংঘর্ষে যেতে চাই না। আমাদের নেত্রী বলে গেছেন, কোনো হটকারিতা চলবে না। সেজন্য আমাদের সমাবেশ করতে না দেয়ায় কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ছিল। এরকম একটি শান্তিপূর্ণ কর্মসূচি করছি তাতেও বাধা। আমি আশ্চর্য হব না যে, আজকে লাঠিচার্জ করছেন, গ্যাস দিয়েছেন, জলকামানে আমাদের মহাসচিবসহ সবাই ভিজে গেছেন। তো এই রকমের আচরণ সরকার যে করে, তাদের কাছ থেকে আমরা অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি না।
ইত্তেফাক/এমআই