রচনা সমগ্রের খোঁজে

বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখকদের বইয়ের আবেদন কিন্তু চিরকালীন। অনেকেই বেঁচে নেই; কিন্তু তাদের লেখার প্রতি পাঠকের টান কমেনি একটুও। বরং দিন যত যাচ্ছে তাদের লেখার প্রতি আকর্ষণ আরো বাড়ছে। যদিও, বইমেলায় পাঠকের আগ্রহ নতুন বইয়ের প্রতি; কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস, সৈয়দ শামসুল হক, হুমায়ূন আহমেদ, শরত্চন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বা বিভূতিভূষণ তাদের বইয়ের কাটতি একেবারেই কমেনি। আর তাদের সমগ্র ও শ্রেষ্ঠ রচনাবলীর সংকলন বের করেছে বেশিকিছু প্রকাশক। যে লেখকদের মৃত্যুর পর ৬০ বছর পার হয়ে গেছে, অর্থাত্ চিরায়িত সাহিত্য হিসেবে বিবেচিত তাদের সম্পূর্ণ রচনাবলীও প্রকাশ করেছে অনেক প্রকাশনা প্রতিষ্ঠান।

ঐতিহ্য ৩০ খণ্ডে প্রকাশ করেছে রবীন্দ্র রচনাবলী। সম্পাদনা করেছেন অধ্যাপক সৈয়দ আকরম হোসেন। রচনাকাল হিসেবে বইয়ের ক্রম সাজিয়েছেন সম্পাদক। এটা পাঠকের জন্য একটা বড় পাওনা। এছাড়াও এ প্রকাশনীতে রয়েছে সৈয়দ আকরম হোসেন সম্পাদিত দুই খণ্ডে ‘এস ওয়াজেদ আলী রচনাবলী’, ছয় খণ্ডে জীবনানন্দ দাশ রচনাবলী। রয়েছে ১০ খণ্ডে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনাবলী, যার দাম ৬ হাজার ৭০০ এবং ১০ খণ্ডে মানিক বন্দোপাধ্যায় রচনাবলীর দাম ৬ হাজার ৩০০ টাকা, ৫ খণ্ডে শরত্চন্দ্র রচনাবলির দাম ২ হাজার ৪৭৫ টাকা।।

ঐতিহ্যের বিক্রয় ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজল বলেন, সব বইকে একসঙ্গে পাওয়া এবং দামও কম। তাই পাঠকরা সমগ্র কিনছেন বেশ আগ্রহ নিয়ে।

অবসর প্রকাশনা সংস্থায় রয়েছে সৈয়দ আজিজুল হক সম্পাদিত চার খণ্ডে মানিক বন্দোপাধ্যায় গল্পসমগ্র, ছয় খণ্ডে মানিক বন্দোপাধ্যায় উপন্যাস সমগ্র, হুমায়ূন আহমেদের ‘সেরা সাত মুক্তিযুদ্ধের উপন্যাস’ ও ‘সেরা সাত ভৌতিক উপন্যাস’, রকিব হাসানের ‘সেরা সাত গোয়েন্দা  উপন্যাস’। বিশ্ব সাহিত্য কেন্দ্র এনেছে ১০ খণ্ডে সৈয়দ মুজতবা আলীর রচনাবলী ৩ হাজার টাকায়। নওরোজ সাহিত্য সম্ভার এনেছে মোহাম্মদ নাসীর আলীর উপন্যাস, গল্প ও কিশোর রচনাসমগ্র। অনন্যা এনেছে শামসুর রাহমানের কবিতা সমগ্র ১ হাজার ৯০০ টাকায়। রয়েছে আল মাহমুদের কবিতা সমগ্র, আহসান হাবীব কবিতাসমগ্র, হাবীবুল্লাহ সিরাজী কবিতা সংগ্রহ।

মাওলা ব্রাদার্স এনেছে আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র, সেলিম আল দীনের ‘রচনাসমগ্র ১০’, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহের ‘রুদ্রসমগ্র’ ও মীজানুর রহমানের ‘রচনাসমগ্র’। এছাড়াও মাওলা ব্রাদার্সে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রচনাসমগ্রের দুইটি খণ্ড, বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমানের তিন খণ্ডে প্রবন্ধসংগ্রহ প্রভৃতি।

খান ব্রাদার্সে পাওয়া যাচ্ছে ৯ খণ্ডে আহমদ ছফা রচনাসমগ্র ৪ হাজার ২০০ টাকায়। চারুলিপিতে পাওয়া যাচ্ছে সৈয়দ শামসুল হকের কবিতাসমগ্র ৫ খণ্ডে। উত্স প্রকাশনে পাওয়া যাচ্ছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দশ খণ্ডের ‘আবুল মাল আবদুল মুহিত রচনাবলী’। সে সঙ্গে লুপ্তপ্রায় সিলেটের নাগরী লিপিতে ২৫টি গ্রন্থের সম্ভারে রয়েছে ‘নাগরী গ্রন্থসম্ভার’।

অন্যপ্রকাশ এনেছে হুমায়ূন আহমেদ রচনা সমগ্র ১০ম খণ্ড পর্যন্ত, রয়েছে সৈয়দ শামসুল হক উপন্যাস সমগ্র, এসেছে আবদুল্লাহ আবু সায়ীদ রচনাসমগ্রের ৯ম খণ্ড আগামীতে রয়েছে আহমদ শরীফ রচনাবলী, সিকদার আমিনুল হক রচনাসমগ্র।

গুণীজন স্মৃতি পুরস্কার ঘোষণা

অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ উপলক্ষে বাংলা একাডেমি পরিচালিত চারটি গুণীজন স্মৃতি পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০১৭ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য প্রথমা প্রকাশনকে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০১৮, ২০১৭ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা গ্রন্থের জন্য অলকানন্দা প্যাটেল রচিত ‘পৃথিবীর পথে হেঁটে’ গ্রন্থের জন্য বেঙ্গল পাবলিকেশন্স, সুফি মুস্তাফিজুর রহমান রচিত ‘বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক উত্তরাধিকার’ গ্রন্থের জন্য জার্নিম্যান বুক্স, মঈন আহমেদ সম্পাদিত ‘মিনি বিশ্বকোষ পাখি’ গ্রন্থের জন্য সময় প্রকাশনকে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৮, ২০১৭ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য চন্দ্রাবতী একাডেমিকে রোকনুুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০১৮ এবং ২০১৮ সালের অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের মধ্যে থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে কথাপ্রকাশ-কে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৮ প্রদান করা হয়েছে।

ইত্তেফাক/নূহু