বাল্যবিবাহের রেজিস্ট্রার সম্পাদন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সিরাজগঞ্জে চারজন নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স বাতিল করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলে নিকাহ রেজিস্ট্রারদের বিরুদ্ধে অহরহ বাল্যবিবাহ রেজিস্ট্রার করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে জেলা রেজিস্ট্রার নিজেও উদ্বেগ প্রকাশ করেছেন।
জেলা রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার ৮৩টি ইউনিয়ন এবং ৬টি পৌরসভার সর্বমোট ১১৪ জন নিকাহ রেজিস্ট্রারে (কাজী) কর্মরত রয়েছেন। এদের মধ্যে ১১ জন হিন্দু ধর্মীয় বিবাহ রেজিস্ট্রার রয়েছেন। এদের মধ্যে গ্রামঞ্চলে কর্মরতদের বিরুদ্ধে বাল্যবিবাহ দেয়ার প্রবনতা বেশী। এক্ষেত্রে জাল কাগজপত্র ব্যবহার করা হয়। গত এক বছরের মধ্যে এ রকম চারজন নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে যথাযথ প্রমানাদি পাওয়ায় তাদের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হলে আইন মন্ত্রণালয়ে তাদের লাইসেন্স বাতিল করে দিয়েছেন।
এরা হচ্ছেন কামারখন্দর উপজেলার ৩ নং জামতৈল ইউনিয়নের মো. মোজাম্মেল হক এবং ৪ নং রায় দৌলতপুর ইউনিয়নের আব্দুল বারী, সদর উপজেলার ২ নং বাগবাটী ইউনিয়নের শহিদুল ইসলাম এবং কাজিপুর উপজেলার সদর ইউনিয়নের নজরুল ইসলাম।
এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. জসীম উদ্দিন ভুইয়া জানান, বাল্যবিবাহ রোধ করার জন্য নিকাহ রেজিস্ট্রারদের নিয়ে বার বৈঠকে উদ্বুদ্ধকরণ সভা এবং পত্র দিয়ে নিষেধ করা সত্বেও অনেক ক্ষেত্রে অনেকেই মানছেন না। প্রায়ই এ ধরণের অভিযোগ পাওয়া যায়।
ইত্তেফাক/এএম