বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১২

পটুয়াখালীর বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সুধী সমাবেশস্থলে আসার কয়েক মিনিট আগে বাউফল আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। চেয়ার ছোড়াছুড়ি ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আ স ম ফিরোজ গ্রুপের কমপক্ষে ১২ জন আহত হয়। এদের মধ্যে খোকন সরদার ও কামাল হোসেনসহ চারজনকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা গেছে, রবিবার বাউফল থানার নবনির্মিত ৪তলা ভবন উদ্বোধনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বেলা ১১টার সময় হেলিকাপ্টার যোগে স্থানীয় পাবলিক মাঠে অতরণ করেন। এসময় চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি এবং পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল গ্রুপের বিপুল সংখ্যক নেতাকর্মী মাঠের কাছে অবস্থান নেন। স্বরাষ্ট্রমন্ত্রী সেখান থেকে পায়ে হেঁটে বাউফল থানা চত্বরে আসেন এবং তিনিসহ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ যৌথ ভাবে নতুন ভবনের উদ্বোধন করেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ হুইপকে বরিশাল ও পটুয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানা ভবনের সেমিনার কক্ষে নিয়ে যায়। এসময় থানার বাউন্ডারির মধ্যে সভাস্থলে দুই গ্রুপের মুহুর্মুহু শ্লোগান চলছিল। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই গ্রুপই সমাবেশস্থলে চেয়ার ছোড়াছুড়ি ও ভাংচুর করে। এসময় বিপুল সংখ্যক পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মন্ত্রী সমাবেশ স্থলে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/এমআই