আরএমপির নবগঠিত ৮ থানায় ওসি পদায়ন

 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবগঠিত ৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে আরএমপির সদর দফতর থেকে নবগঠিত ৮টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। আরএমপির কমিশনার মো. মাহাবুবর রহমান এক অফিস আদেশে নতুন ৮টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়ন করেন। আরএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
 
আরএমপির মুখপাত্র জানান, রাজশাহী মেট্রোপলিটন এলাকার নবগঠিত ৮টি থানার কার্যক্রম শুরু করতে নতুন ৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মতিহার থানার ওসি মেহেদী হাসান রন্টুকে কাটাখালি থানায়, মতিহার থানায় শাহাদৎ হোসেন খানকে, চন্দ্রিমা থানায় হুমায়ুন কবিরকে, পবা থানায় এসএম মাসুদ পারভেজকে, কাশিয়াডাঙ্গা থানায় রবিউল ইসলামকে, দামকুড়া থানায় আব্দুল লতিফকে পদায়ন করা হয়েছে। তবে নতুন ৩টি থানা বেলপুকুর থানায় ইন্সপেক্টর (তদন্ত) কবিরুল ইসলাম, কর্ণহার থানায় ইন্সপেক্টর (তদন্ত) ইমাম জাফর ও বিমান বন্দর থানায় ইন্সপেক্টর (তদন্ত) রাজিবুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে নিয়োজিতরা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়ন না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
 
তিনি আশা প্রকাশ করে বলেন, নবগঠিত থানার কার্যক্রমে জনগণ পুলিশের কাছ থেকে আরো বেশি সেবা পাবেন। আইনশৃংখলা, সন্ত্রাস দমন, মাদক উদ্ধারে পুলিশ আরো বেশি তৎপর হবেন। এসব কাজে পুলিশকে সার্বিকভাবে সহযোগিতার জন্য জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান আরএমপির মুখপাত্র ইফতে খায়ের আলম।
 
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি রাজশাহীর ঐতিহাসিক জনসভা প্রাঙ্গণে সুইচ টিপে আরএমপির নতুন ৮টি থানার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
ইত্তেফাক/আরকেজি