উপজেলার গন্ডিমসারা গ্রামে জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার ভয়ে সন্তানদের স্কুলে যেতে দিচ্ছেন না অভিভাবকরা। স্থানীয় এক ধর্মগুরু এবং কবিরাজের ছড়ানো গুজবে সন্তানদের ঘরের বাইরে যেতে দিচ্ছেন না তারা। পুলিশ প্রশাসনের লোকজন গ্রামবাসীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও পরামর্শ দিচ্ছেন।
স্থানীয়রা জানায়, গন্ডিমসারা গ্রামে প্রভাষ চন্দ্র নামে এক ব্যাক্তি ৪-৫ মাস আগে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে গত ১৯ ফেব্রুয়ারি মারা যান। তার মারা যাওয়ার পর একজন কবিরাজ ওই গ্রামের শিশু, নারী-পুরুষসহ প্রায় সবার শরীরে মৃত প্রভাষের কুকুরের বিষ প্রবেশ করেছে বলে মত দেন। তার কথায় বিশ্বাস করে গ্রামের শিবেন দেবনাথ, বাচ্চু মোল্লা, মিলন ইসলামসহ গ্রামবাসীরা কবিরাজের ঝাড়-ফুঁক, পানিপড়া, গুড়পড়াসহ হাতুড়ে চিকিৎসা নিচ্ছেন। অভিভাবকরা সন্তানদেরকে নিয়ে চরম দুশ্চিতায় রয়েছেন। ধর্মগুরু আর কবিরাজের নাম-পরিচয় জানাতে তারা রাজি হননি।
গন্ডিমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণা কান্তি সরকার জানান, গুজবে অভিভাবকরা শিশুদের স্কুলে যেতে দিচ্ছেন না। এতে তার বিদ্যালয়সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে কমে গেছে।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাধে শ্যাম আগরওয়ালা ও আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের লোকজন গ্রামবাসীদের আশ্বস্ত করতে জনসচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গুজব ছড়ানো সেই কবিরাজের খোঁজে পুলিশ মাঠে নেমেছে।
ইত্তেফাক/আরকেজি