বাকশালের সমালোচনাকারীরা আসলে অজ্ঞ : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বাকশালের সমালোচনাকারীরা অজ্ঞ। তারা আসলে এ বিষয়ে কিছু জানেন না। ’৭৫ সালে জাতির পিতার হত্যার পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে এ কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময় তথাকথিত বিচারের নামে সামরিক বাহিনীর ১২শ’ কর্মকর্তাকে ফাঁসিতে ঝুলিয়েছিল। 
 
রবিবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অভিভাবক উৎসবে যোগ দেয়ার আগে ’৭৫’র বাকশাল সরকারের চাইতেও বর্তমান সরকার ভয়ংকর বিএনপির এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
 
হানিফ বলেন, ‘এ দেশে স্বৈরাচারী আচরণ ও জনগণকে সব থেকে নিপীড়ন-নির্যাতন করেছিল জিয়াউর রহমান এবং ২০০১-০৬ সাল পর্যন্ত খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত। সুতরাং তাদের মুখে এসব কথা-বার্তা শোভা পায় না।’ 
 
তিনি আরো বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে। কিন্তু রাস্তায় গাড়ি ভাংচুর, পুলিশকে পিটিয়ে আহত করা, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা গণতন্ত্রের সংজ্ঞা হতে পারে না। এটা সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড। আর সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড শক্ত হাতে দমন করা আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ। 
 
এর আগে তিনি কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের নব-নির্মিত দ্বিতীয় তলা ও পুলিশ লাইনের প্রশাসনিক ডিজিটাইলেজশন ভবনের উদ্ধোধন করেন। 
 
কুষ্টিয়ার পুলিশ সুপার এস,এম মেহেদী হাসান, জেলা আাওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। বাসস
 
ইত্তেফাক/ইউবি