আমাদের তরুণেরা তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী। এ খাতে তাদের আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু আইসিটিতে সঠিক পথে ক্যারিয়ার গড়তে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা আর কাজের সুযোগ। এই বিষয়গুলো বিবেচনায় রেখেই বেসিস সফটএক্সপোর শেষদিন রবিবার সেলিব্রেটি হলে ‘বেসিস আইসিটি ক্যারিয়ার ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে নেতৃত্ব দেন বেসিস পরিচালক দেলোয়ার হোসেন ফারুক। সহযোগিতায় ছিল বেসিস স্টুডেন্টস ফোরাম।
এতে তথ্যপ্রযুক্তি শিল্পে নতুন এবং অভিজ্ঞদের দিকনির্দেশনা আর সুযোগ তৈরির করার কথা বলেন আয়োজকরা । তরুণেরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী হলেও অনেক বিষয়ে ধ্যান-ধারণা পরিবর্তনের প্রয়োজন আছে। নব্য উদ্যোক্তাদের সম্ভাবনা আর সুযোগের নানান দিক নিয়ে আলোচনা করা হয় এ ক্যাম্পে।
ক্যারিয়ার ক্যাম্পে বক্তা ছিলেন ইয়োর ক্যারিয়ার, ইয়োর চয়েস-এর জ্যেষ্ঠ উপদেষ্টা ড. উলফাত হোসেইন, ফিউচার লিডার কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা ও সিইও কাজি এম. আহমেদ, আমরা নেটওয়ার্কের প্রধান কৌশল কর্মকর্তা সোলায়মান সুখন, সিগমা সিস্টেমস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান শওকত হোসেইন মামুন, বিল্যান্সার প্রতিষ্ঠাতা ও সিইও শফিউল ইসলাম, ইজিআর এর সিইও কামরুল হাসান ইমন, টেন মিনিটস স্কুল’র সিইও আয়মান সাদিক, ইয়ুথ অপরচুনিটিজ এর প্রতিষ্ঠাতা ওসামা বিন নুর, শুটিং স্টারের মহাব্যবস্থাপক দিদারুল আলম সানি প্রমুখ। অনুষ্ঠানে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর সকলকে ধন্যবাদ জানান এবং বক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
এ সেমিনারে যেসব প্রতিষ্ঠান চাকরি দেয়ার জন্য জীবনবৃতান্ত সংগ্রহ করে তাদের মধ্যে আছে রেডিসন ডিজিটাল টেকনোলজিস, এমএফএশিয়া, নার্ড ক্যাসেল, এডিএন গ্রুপ, বাগডুম.কম, ম্যাগনাস করপোরেশন, বেবিলন রিসোর্সেস, এসএসএল ওয়্যারলেস, ক্লাউড সলিউশন, লিডস সফট।
বেসিস সফটএক্সপোর আহ্বায়ক ও বেসিস পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, এ সময়ের তরুণেরা ক্যারিয়ার সচেতন। তাদের উৎসাহ দিতে হবে। দিকনির্দেশনা আর সুযোগ করে দিলে ডিজিটাল বাংলাদেশের লক্ষ আর স্বপ্ন দুটোই পূরণ করা সম্ভব।
বেসিস সভাপতি আলমাস কবীর বলেন, আমাদের মার্কেট রেডি আছে। দক্ষ জনবল খুঁজে বের করতে উদ্যোগ থাকতে হবে। সফটএক্সপোর মতো আয়োজনে আমরা এ সম্ভাবনাগুলোকে খুঁজে বের করতে চাই। এসব ক্ষুদে উদ্যোক্তাদের পাশে থাকার জন্য বেসিস সবসময়ইকাজ করবে।
ইত্তেফাক/ইউবি