বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু নিয়েও রাজনীতি করার অভিযোগ উঠেছে ভারতের বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে। নেটিজেনের রোষের মুখে পড়ে পিছুও হঠতে বাধ্য হয়েছে রাহুল গান্ধীর দল।
বিতর্কের সূত্রপাত বলিউড অভিনেত্রীর মৃত্যুর পর টুইটারে কংগ্রেসের শোকবার্তাটি আসার পর। কংগ্রেসের ভেরিফায়েড টুইটারে লেখা হয়, ‘শ্রীদেবীর প্রয়াণের খবরে আমরা শোকাহত। দুরন্ত অভিনেত্রী। তাঁর কাজের জন্য তিনি আমাদের সবার হৃদয়ে বেঁচে থাকবেন। তাঁর প্রিয়জনদের জানাই সমবেদনা। ২০১৩ সালে ইউপিএ সরকার শ্রীদেবীকে পদ্মশ্রী দিয়েছিল।’
কংগ্রেসের এই টুইটের পরই প্রবল ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনরা। প্রিয় অভিনেত্রীর মৃত্যু থেকেও কংগ্রেস রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করে শ্রীদেবীর পরিবারের সঙ্গে চরম অমানবিকতার কাজ করেছে বলে অভিযোগ ওঠে। ক্রোধের সুরে টুইটে একজন লেখেন, ‘শ্রীদেবী পদ্মশ্রী পাননি। পদ্মশ্রী শ্রীদেবীকে জিতেছে।’
ইত্তেফাক/ রেজা