রাজধানীর বাড্ডার বড়ট্যাগ নামক এলাকায় খোকন ফকির (৫০) নামে এক অটোরিকশা চালক খুন হয়েছেন। সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, নিহত অটোরিকশা চালকের লাশ বাড্ডার বড়ট্যাগ এলাকায় পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তবে নিহতের অটোরিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে খুনিরা।
তিনি আরো বলেন, প্রথমে নিহতের ঠিকানা পাওয়া যায়নি। তার পরনে চেক শার্ট ও লুঙ্গি ছিল। পরে আমরা তার পকেটে একটা মোবাইল নম্বর পাই। পরে সেই নম্বরে ফোন দিলে তার স্ত্রী-সন্তান এসে লাশ শনাক্ত করে। তাদের মাধ্যমেই পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের স্ত্রীর নাম নূরজাহান বেগম। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে রাজধানীর বাড্ডা কৃষি ব্যাংক রোডের ১৮১০ নম্বর বাসায় থাকেন তারা। নিহতের গ্রামের বাড়ি জামালপুরে। তার পিতার নাম হযরত আলী ফকির। পরিবার নিয়ে ১৩ বছর ধরে তিনি ঢাকায় থাকতেন।
ইত্তেফাক/এমআই