ব্রাহ্মণবাড়িয়ার নার্সিং ইনস্টিটিউটে হামলার ঘটনায় তদন্ত শুরু

 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার তদন্ত শুরু হয়েছে। সোমবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর থেকে গঠিত ৩ সদস্যের একটি কমিটি ঘটনাস্থলে তদন্ত করে।
 
এই কমিটির প্রধান নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের উপ-পরিচালক নাজমা পারভীন, সহকারী পরিচালক মোসাম্মৎ মিরন ও শেরে বাংলা নার্সিং কলেজের প্রভাষক হারুনুর রশিদ। কমিটি ৩য় বর্ষের ১৫জন এবং দ্বিতীয় বর্ষের ১৫জন শিক্ষার্থীর লিখিত বক্তব্য নেয়। আগামী ৫দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে জানান তদন্ত কমিটির সদস্যরা।
 
গত ১৭ ফেব্রুয়ারি ইনস্টিটিউটে নতুন ইনচার্জ সালাউদ্দিন মাতবর যোগদান করতে এলে তাতে বাধা এবং তাকে বরণ করতে যাওয়া শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। এতে আহত হন ১০ শিক্ষার্থী। ঘটনার পরপরই ভারপ্রাপ্ত ইনচার্জ ফেরদৌসি বেগমসহ ৭ নার্সকে বদলী করা হয়। ছাত্রীরা হামলার ঘটনায় থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ দেন।
 
তারা অভিযোগ করেন জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতা ডা. আবু সায়ীদ ও বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজে কর্মরত ডাক্তার হারুনুর রশিদের ঘনিষ্ট লোক হিসেবে নার্সিং ইনস্টিটিউট ও জেলা সদর হাসপাতালে কর্তৃত্ব করে আসছিলেন ফেরদৌসি বেগম। নানা অভিযোগ থাকার পরও ইনস্টিটিউটে তাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেয়ার তদবির করেন ডাক্তার সায়ীদ ও হারুন। কিন্তু তাকে এ পদে না দিয়ে নতুন আরেকজনকে পোস্টিং দেয়ায় হামলার ঘটনা ঘটানো হয়। 
 
ইত্তেফাক/আরকেজি