সরকারি ও বেসরকারি ব?্যবস্থাপনায় হজে যাওয়ার খরচ গতবারের চেয়ে আরও বেড়েছে। সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ- ১ এর আওতায় হজে যেতে এবার লাগবে ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা, যা গত বছর ছিল ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা। সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-২ এর আওতায় ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা খরচ হবে, যা গত বছর ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা নির্ধারিত ছিল। এই হিসেবে সরকারিভাবে গতবারের থেকে এবার এক নম্বর প্যাকেজে ১৬ হাজার ৪২১ টাকা এবং দুই নম্বর প্যাকেজে ১২ হাজার চার টাকা বেড়েছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৮’ এবং ‘হজ প্যাকেজ-২০১৮’র খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিং করেন।
বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন ১ লাখ ৬৮ হাজার ২৭৭ টাকা খরচ নির্ধারণ করে দিয়েছে সরকার, যা গত বছর ছিল এক লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রাক-নিবন্ধন করতে এনআইডি থাকার বাধ্যবাধকতা থাকলেও প্রবাসীরা পাসপোর্টের মাধ্যমে প্রাক-নিবন্ধন করতে পারবেন।’ প্রাক-নিবন্ধন করেও যারা চূড়ান্ত নিবন্ধন করবেন না তাদের নিবন্ধনের মেয়াদ আরও একবছর থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পর পর দুই বছর চূড়ান্ত নিবন্ধন না করলে ধরে নেওয়া হবে তিনি হজে যেতে আগ্রহী না। একটি হজ এজেন্সি কমপক্ষে ১৫০ জন ও সর্বোচ্চ তিনশ’জন হজযাত্রী প্রেরণ করতে পারবে। একটি বিমানে ৩টি হজ্ব এজেন্সির হজযাত্রী ও ৩ জন মোয়াল্লেম নেওয়া যাবে। বেসরকারি হজযাত্রীদের কোরবানির টাকা কুপনের মাধ্যমে সৌদি আরবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে জমা দিতে হবে। হজব্রত পালনে অনলাইনে প্রথমে প্রাক-নিবন্ধন করতে হবে। এরপর হজযাত্রী আইডি পেতে তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিবন্ধন ২ বছর পর্যন্ত বহাল থাকবে। এবার পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না কারণ পাসপোর্ট ইস্যুর সময়েই ওই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রবাসী বাংলাদেশিরা এনআইডি’র পরিবর্তে তাদের পাসপোর্ট ব্যবহার করে প্রাক-নিবন্ধন করতে পারবেন।
মৃত্যু অথবা গুরুতর অসুস্থতা ছাড়া প্রাক-নিবন্ধন পরিবর্তন করা যাবে না। জ্বালানির দাম বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার মূল্যমান হ্রাস ও আরো কিছু কারণে বিমান ভাড়া বেড়েছে। বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন। চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২১ অগাস্ট হজ হতে পারে।
নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে হজযাত্রীদেরই ট্রলিব্যাগ কিনতে হবে। সরকার কিংবা এজেন্সিগুলো ট্রলিব্যাগ সরবরাহ করবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের হজ প্যাকেজে ঘোষিত টাকা পরিশোধ সাপেক্ষে হজযাত্রী হিসেবে নিবন্ধন করলে হজ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে পিলগ্রিম আইডি বা পিআইডি পাওয়া যাবে বলেও জানান তিনি।
শিশু আদালতের ক্ষমতা পাচ্ছে নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে শিশু আদালতের ক্ষমতা দিয়ে ‘শিশু (সংশোধন) আইন, ২০১৮’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিশু আইন ২০১৩ সালের, খুব বেশি পুরনো না। এখানে একটু সমস্যা হচ্ছিল, শিশু আদালত গঠন নিয়ে ক্রাইসিস তৈরি হয়েছে। এ ক্রাইসিস দূর করার জন্য সংশোধনীটি প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন অনুমোদন
‘বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন, ২০১৮’র খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি ২০০৪ সালের আইন। কর্মকর্তা-কর্মচারী নির্বিশেষে সবাই কর্মচারী নামে অবহিত হবেন। এটা একটা সংশোধনী।’ তিনি বলেন, ‘এখানে (খসড়া আইনে) ক্ষমতা অর্পণের একটি বিষয় এসেছে। চাঁদার শিডিউলে চাঁদা দেয়া হয় সেটা যাতে ওনারা (সরকারি কর্মচারী) বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে সময়ে সময়ে হ্রাস-বৃদ্ধি করতে পারেন সেই ক্ষমতা চাওয়া হয়েছে। এটাই মূলত মূল প্রস্তাব।’
বস্ত্র আইন চূড়ান্ত অনুমোদন
মন্ত্রিসভার বৈঠকে ‘বস্ত্র আইন, ২০১৮’ র খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। গত বছর বস্ত্র খাতের রফতানি আয় মোট রফতানি আয়ের ৮৩ দশমিক ৯৫ শতাংশ ছিল। তাই বস্ত্রখাতের গুরুত্ব বিবেচনায় ‘বস্ত্র আইন, ২০১৮’ করা হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
ইত্তেফাক/নূহু