নাঈম-নাসিরের সেঞ্চুরি
স্পোর্টস রিপোর্টার
দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থেকে সুপার লিগ শুরু করেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। গতকাল আবাহনী প্রথম ম্যাচে জয় পেয়েছে। একই দিনে মোহামেডানকে ৪৬ রানে হারিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরো সংহত করেছে রূপগঞ্জ। দিনের অন্য ম্যাচে প্রাইম ব্যাংককে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
রূপগঞ্জকে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ব্যাটসম্যানরা। দুই ওপেনার মেহেদী মারুফ ও মোহাম্মদ নাঈম অবশ্য বেশিদূর যেতে পারেননি। তবে তৃতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়ে আসল কাজটা করেন মুমিনুল হক ও নাঈম ইসলাম। মুমিনুল ৮৮ বলে ৭৮ রানের ইনিংস খেলে ফেরেন। এরপর শাহরিয়ার নাফীসকে নিয়ে আরো একটা বড় জুটি করেন অধিনায়ক নাঈম। নাফীস ৬১ বলে ৬৮ রানের ইনিংস খেলে ফেরেন। আর নাঈম শেষ পর্যন্ত ১০৮ বলে ১০৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৪ উইকেটে ৩১৩ রান করে রূপগঞ্জ।
এই বড় রান তাড়া করতে মোহামেডানের টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালোই করছিলেন। ইরফান শুক্কুরের ৭৩ ও রকিবুল হাসানের ৫৮ রানে ২ উইকেটে ১৫২ রান তুলে ফেলেছিল মোহামেডান। কিন্তু এই দুজন আউট হয়ে যাওয়ার পর খুব দ্রুত ধসে পড়ে তাদের ইনিংস। মাত্র ২৬৭ রানেই অলআউট হয়ে যায় মোহামেডান।
শেখ জামালের বিপক্ষে প্রাইম ব্যাংকের ওপেনার এনামুল হক বিজয় আরো একবার ব্যর্থ হয়েছেন। টানা তিন ম্যাচে সেঞ্চুরি করা বিজয় তিনটি শূন্যর দেখাও পেলেন এবার লিগে। তারপরও প্রাইম ব্যাংক ভালো শুরু করেছিল। রুবেল মিয়া ও নামান ওঝা দলকে ১ উইকেটে ১২১ রানে নিয়ে যান। আর এখান থেকে ধসে পড়ে তাদের ইনিংস। ৮ নম্বরে নেমে আরিফুলের ৭৪ রানের ইনিংসের পরও ২৩৬ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক।
জবাবে ওপেনার হয়ে যাওয়া ইলিয়াস সানির ৬৭ রান জয়ের পথে এগিয়ে দেয় শেখ জামালকে। আর জয় নিশ্চিত হয় নাসির হোসেনের ১১০ বলে ১১২ রানের অপরাজিত ইনিংসে।
সংক্ষিপ্ত স্কোর:
রূপগঞ্জ—মোহামেডান
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ৩১৩/৪ (নাঈম ১০৮*, মুমিনুল ৭৮, শাহরিয়ার নাফীস ৬৮, মোহাম্মদ নাঈম ২৬; আশরাফুল ২/৪৪)।
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৪৬.২ ওভারে ২৬৭/১০ (ইরফান শুক্কুর ৭৩, রকিবুল ৫৮, সোহাগ ২৯, লিটন ২৪; শুভাশিষ ৩/৫৬, শহীদ ২/৪৩, মুক্তার ২/৫১)।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৪৬ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম
প্রাইম ব্যাংক—শেখ জামাল
প্রাইম ব্যাংক: ৪৮.৩ ওভারে ২৩৬/১০ (আরিফুল ৭৪, রুবেল মিয়া ৬৬, ওঝা ৪৬; ইলিয়াস সানি ৩/৩৫, তানভির ৩/৪৩, শাকিল ২/৩৭)।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৪৮.৪ ওভারে ২৩৯/৪ (নাসির ১১২*, ইলিয়াস সানি ৬৭, ইমতিয়াজ ২৬; নাহিদুল ২/৩০, রাজ্জাক ২/৫২)।
ফল: শেখ জামাল ৬ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ইলিয়াস সানি।