পুরনো কোরআন সংরক্ষণে ২ মাইল লম্বা সুড়ঙ্গ পাকিস্তানে

 
মুসলিম সম্প্রদায়ের কাছে সবচেয়ে পবিত্র গ্রন্থ আল কোরআন। প্রতিটি মুসলিম সবচেয়ে যন্ত্রের সঙ্গে রাখে তাদের জীবনবিধান এই কোরআন। ব্যবহারের ফলে এ ধর্মগ্রন্থ যখন পুরনো জীর্ণ-শীর্ণ হয়ে পড়ে তখনও এটিকে সতর্কতার সাথে সংরক্ষণের চেষ্টা হয়। সেই তাগিদ থেকেই পুরনো কোরআন সংরক্ষণের জন্য পাকিস্তানের কোয়েটা শহরের কাছে এক পর্বতমালায় দুই মাইল লম্বা সুড়ঙ্গ তৈরি করা হয়েছে।
 
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, পর্বতের সুড়ঙ্গ পথে হাজারো ছিঁড়ে যাওয়া কোরআন এনে রাখা হয়েছে। পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে এ পাহাড়ের নিচে পুরনো কোরআন জমা রাখা হয়।
 
সুড়ঙ্গের ভেতরে দুই পাশে পুরনো কোরআন বস্তায় স্তূপ করে রাখা হয়েছে। একেকটি বস্তায় আট থেকে দশটি কোরআন রাখা হয়েছে।
 
এ সুড়ঙ্গে কাজ করেন আব্দুর রশিদ লেহরি। তিনি বলেন, ‘আমার বড় ভাই কোরআন ভালোবাসেন। যেসব কোরআন ফেলে দেয়া হতো তিনি সেগুলো সংগ্রহ করতেন। এবং তাঁর গাড়িতে যত্ন করে রেখে দিতেন। এর পর আমরা এ জায়গাটি প্রতিষ্ঠা করেছি।’"
 
প্রতিদিন এখানে বহু পুরনো কোরআন আনা হয়। চারপাশে পুরনো কোরানের স্তূপ দেখা যায়। এখান থেকে বাছাই করা হয়। যেসব কোরআনের পৃষ্ঠা খুব বেশি ছিঁড়ে যায়নি, সেগুলোকে নতুন করে বাধাই করার জন্য আলাদা করে রাখা হয়। এরপর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং দরিদ্র মানুষের মাঝে এসব কোরআন বিতরন করা হয়। কোরআন রাখার জন্য এ পর্বতের নিচে প্রতিনিয়ত সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। তবে শক্ত পাথর কেটে সুড়ঙ্গ তৈরি করা বেশ কঠিন কাজ।
 

ইত্তেফাক/এএম