সিরাজগঞ্জের যমুনা বিধৌত চৌহালী উপজেলার বারবালা এলাকায় ঝড়ের সময় এক জেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০জন। তাছাড়া, স্থানীয় চরাঞ্চলে অন্তত ৩ শতাধিক কাচা ঘর-বাড়ি ও অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়েছে।
নিহত জেলের নাম আব্দুল আলীম (২০)। তিনি বারবালা চরের মৃত পুণ্ডিত আলীর ছেলে। আজ মঙ্গলবার দুপুরে নিহতের লাশ স্থানীয় বেতিল কবরস্থানে দাফন করা হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম জানান, গতকাল সোমবার রাতে হঠাৎ চৌহালী উপজেলার বারবালা, বোয়ালকান্দি, স্থলচর চরাঞ্চলের উপর দিয়ে প্রবল ঝড় বয়ে যায়। তখন মাছ ধরা নৌকা নিয়ে আব্দুল আলীম ও তার ভাই বরিচান বারবালা নদী তীরে আশ্রয় নিলে মাটির পাড় ভেঙে পড়লে দুজনেই চাপা পড়েন। বরিচান কিছুক্ষণ পর বের হতে পারলেও তিনি বের হতে না পারায় মারা যান। পরে স্থানীয়রা এসে তার লাশ উদ্ধার করে।
এদিকে, ঐসব চরাঞ্চল দিয়ে আকস্মিক ঝড়ে অন্তত ৩ শতাধিক ঘর-বাড়ি, নদী তীরে থাকা অন্তত ২৫টির মতো নৌকা সহ অসংখ্য গাছ-পালা বিধ্বস্ত হওয়ায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে। ঘর চাপা পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। অনেকের আশ্রয় এখন খোলা আকাশের নিচে।
এ ব্যাপারে চৌহালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, হঠাৎ ঝড়ে যে ক্ষতি হয়েছে তা আমাদের কারো পক্ষেই মেটানো সম্ভব না। তবে আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য চেষ্টা করবো।
ইত্তেফাক/এসএস