‘দুপুর ঠাকুরপো’র উমা উমা বৌদিকে মনে আছে। ‘হইচই’ নামের একটি ওয়েব প্লাটফর্মে উমা বৌদির চরিত্রে খোলামেলাভাবে অভিনয় করে বেশ সমালোচিত হয়েছিলেন টালিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তবে স্বস্তিকা বলেছিলেন ‘দুপুর ঠাকুরপো’ নিয়ে ভাল রেসপন্স পেয়েছেন তিনি।
ওয়েবসিরিজটির সিজন টু নির্মিত হতে যাচ্ছে। প্রথম সিজনে অভিনয়ের পর স্বস্তিকা জানিয়েছিলেন, দ্বিতীয় সিজনেও থাকবেন তিনি। কিন্তু দ্বিতীয় সিজনে দেখা যাবে না তাকে। সিরিজটিতে ‘উমা’ চরিত্রটি আর থাকছেই না। নতুন করে যুক্ত হতে যাচ্ছে ‘ঝুমা’ চরিত্র। আর ‘ঝুমা’ চরিত্রে দেখা যাবে টালিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে।
এ বিষয়ে স্বস্তিকা জানান, ‘দুপুর ঠাকুরপো’ নিয়ে ভাল রেসপন্স পেয়েছেন তিনি। সিজন টু-এর জন্য কথাবার্তাও শুরু হয়েছিল। চলতি ফেব্রুয়ারি থেকেই শুটিংও শুরু হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু হঠাত্ কী হল, যাতে এই প্রজেক্ট থেকে সরে গেলেন নায়িকা? স্বস্তিকা শেয়ার করলেন, ‘‘অনেক কারণ রয়েছে। তবে ছোট করে বললে বলব, টিভিওয়ালা মিডিয়া যারা এই শো-এর প্রোডিউসার তাদের সঙ্গে পারস্পরিক সমঝোতা হল না।’’
শোনা যাচ্ছে, স্বস্তিকার বদলে এ বার ‘দুপুর ঠাকুরপো’র মুখ্য চরিত্রে অভিনয় করবেন শ্রীলেখা মিত্র। এ প্রসঙ্গে শ্রীলেখা বললেন, ‘‘সব কিছু ঠিক থাকলে আমিই চরিত্রটা করব। তবে শুটিং কবে থেকে এখনও ঠিক হয়নি।’’
স্বস্তিকার পারফরম্যান্স ‘দুপুর ঠাকুরপো’কে তুমুল জনপ্রিয় করেছিল। সেটা কি শ্রীলেখার কাছে চ্যালেঞ্জ? নায়িকার সপাট জবাব, ‘‘স্বস্তিকা খুব ভাল অভিনেত্রী। শি ইজ ভেরি অ্যাট্রাক্টিভ। শি হ্যাজ আ মাইন্ড অফ হার ওন। ওর উমা বৌদি আমি এখনও দেখিনি। তবে ও ওর মতো করে করেছে। আমি আমার মতো করে করব। আমার কাছে প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জিং।’’
ইত্তেফাক/মোস্তাফিজ