পূর্বধলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধীর মৃত্যু

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে নেত্রকোনার পূর্বধলা উপজেলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত নূর উদ্দিন ওরফে রদ্দীন (৭০) নামের এক পলাতক আসামির মৃত্যু হয়েছে। 

আজ সোমবার দুপুর দেড়টারদিকে গাজীপুরের জয়দেবপুর এলাকায় তার মৃত্যু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার অফিসার-ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান। তার বাড়ি উপজেলার জারিয়া ইউনিয়নের পূর্ব মৌদাম গ্রামে।

স্থানীয়রা জানান, মানবতাবিরোধী অপরাধ মামলায় নূর উদ্দিন ওরফে রদ্দীন পলাতক থাকা অবস্থায় প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন। 

আরও পড়ুন:  নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি মো. শামীম গ্রেপ্তার

পূর্বধলা থানার অফিসার-ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, ‌‌‘স্বজনরা তার লাশ বাড়িতে আনার জন্য গাজীপুরের জয়দেবপুরের উদ্দেশে রওনা হয়েছে। লাশ বাড়িতে আসলে পুলিশ প্রশাসন যাবে ও পরে তার মৃত্যুর বিষয়টি আদালতকে অবহিত করা হবে।’

উল্লেখ্য, চলতি বছরের ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে নেত্রকোনার পূর্বধলা উপজেলার পলাতক পাঁচ রাজাকারের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেয়। 

ইত্তেফাক/কেকে