এমসিসির সম্মাননা পেলেন ইনজামাম-বাউচার

স্পোর্টস ডেস্ক

মেরিলবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যের সম্মাননা পেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক ও দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক মার্ক বাউচার।

২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তানের অধিনায়কত্বও করেছেন ইনজামাম। অবসরের পর ২০১৫ সালে আফগানিস্তানের প্রধান কোচও ছিলেন ইনজামাম। তবে ২০১৬ সালের এপ্রিলে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পাওয়ায় আফগানদের সঙ্গ ছাড়েন তিনি। অন্যদিকে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া আসরে টাইটান্স দলের কোচের দায়িত্ব পালন করছেন বাউচার। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বার্ষিক অ্যাওয়াডে বর্ষসেরা কোচও হন তিনি। ইনজামামদের আগে আরো ২৫ খেলোয়াড় এ সম্মাননা পেয়েছিলেন। পাকিস্তানিদের মধ্যে আছেন- ইমরান খান, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরাম ও শহিদ আফ্রিদি। অন্যদিকে বাউচারের আগে দক্ষিণ আফ্রিকার পক্ষে এমসিসির আজীবন সদস্যের সম্মাননা পান- অ্যালান ডোনাল্ড, জন্টি রোডস, শন পোলক ও ড্যারেল কালিনান। -বাসস