আটকে গেল শিরোপা উত্সব
পিএসজি ১
লিলে ৫
স্পোর্টস ডেস্ক
পিএসজির শিরোপা জয় টানা দ্বিতীয় সপ্তাহের মতো আটকে থাকল। সর্বশেষ লিলের কাছে ৫-১ গোলে হেরে এই দশায় পড়তে হয় তাদের। দলের এমন হারের তীব্র সমালোচনা করেছেন কিলিয়ান এমবাপে। তার মতে ফরাসি চ্যাম্পিয়নরা শিক্ষানবিশদের মতো খেলেছে।
ফ্রান্সের শীর্ষ লিগটিতে দ্বিতীয় স্থানে লিলির মাঠে গত রবিবার রাতে বিপর্যয়ের সূত্রপাত হয় থমাস মুইনারের আত্মঘাতী গোলের মধ্য দিয়ে। ১০ জনের পিএসজির জন্য এটা ছিল ভুলে যাবার রাত। কেননা মুইনারের আত্মঘাতী গোলটির পরও জুয়ান বের্নাট সমতা ফিরিয়েছিলেন। কিন্তু ৩৬তম মিনিটে মারাত্মক ফাউলের কারণে আবার জুয়ানকে মাঠ থেকে বহিষ্কার হতে হয়।
যেন এটুকুই যথেষ্ট ছিল না পিএসজির জন্য। তাই দেখা যায় বিরতির আগেই ইনজুরিতে পড়েন মুইনার ও থিয়াগো সিলভা। এছাড়াও অফসাইডের কারণে বাতিল হয় এমবাপের একটি গোল। এসবের মধ্যেই নেইমারহীন দলটিকে এরপর একে একে গোলে ভাসান নিকোলাস পেপে, জনাথন বাম্বা, গ্যাব্রিয়েল ও হোসে ফন্তে। ২০০০ সালের পর এই প্রথম লিগ ওয়ান এ পাঁচ গোল হজম করল পিএসজি।
সঙ্গত কারণেই এমন হারে ক্ষুব্ধ এমবাপে। তিনি ক্যানাল প্লাসকে বলেন, ‘শেষ পর্যন্ত আমরাই চ্যাম্পিয়ন হব। কিন্তু আপনি যখন হারবেন, সেটা তো একটা নির্দিষ্ট পথেই হতে হবে। আপনাকে এমন হলে তো চলবে না, তিন, চার, পাঁচ গোল হজম করার মতো। এটা স্বাভাবিক ছিল না।’
ক্ষুব্ধ এমবাপে আরো বলেন, ‘লিলে একটা ভালো দল। কাজেই তাদের অভিনন্দন। তাদের আছেন চমত্কার দর্শক, একটা সুন্দর স্টেডিয়াম। কিন্তু আমাদের তো আরো বেশি দৃঢ়তা দেখিয়ে খেলতে হবে। আমি মনে করি এটা ছিল আমাদের ভুলগুলোর একটি। আমাদের দ্রুত এটা ঠিক করতে হবে।’
সবশেষে তিনি বলেন, ‘ফুটবল একটা মাঠেই খেলা হয়। আমরা আজ খেলেছি নতুন খেলা শেখাদের মতো। আমাদের মনোযোগ পুনরুদ্ধার করতে হবে। বুধবার একটা খেলা আছে। তবে আমি মনে করি আমাদের এভাবে হারা বন্ধ করতে হবে।’ উল্লেখ্য, পিএসজি গত সপ্তাহেই শিরোপা জয় নিশ্চিত করে ফেলতে পারত। কিন্তু সে রাউন্ডে কোচ থমাস টুখেলের দলটি স্ট্রাসবোর্গের সঙ্গে ২-২ গোলে ড্র করলে শিরোপার উত্সব পিছিয়ে যায়। এখন আগামী বুধবার নতের মাঠে জয় পেলে গত ছয় মৌসুমের মধ্যে পঞ্চমবারের মতো শিরোপা জয়ের উত্সব করতে পারবে দলটি।