‘এলআরবি’র নাম পাল্টে এখন ‘বালাম অ্যান্ড লিগ্যাসি’

বিনোদন রিপোর্ট

 

এদেশে ব্যান্ডের ইতিহাসে ‘এলআরবি’ বিশেষ একটি নাম। অসংখ্য জনপ্রিয় গান দিয়ে এখন পর্যন্ত এলআরবি শ্রোতাদের আবেগের সঙ্গে মিশে আছে। আর যার মূলে রয়েছে ব্যান্ডের কর্ণধার প্রয়াত কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চু। তাঁর চলে যাওয়ার পর অনেকদিন ব্যান্ডের কার্যক্রম বন্ধ ছিল। নতুন ভোকালিস্ট কে হবে তা নিয়ে একটা অপেক্ষা ছিল সবার। অবশেষে ব্যান্ডের বর্ষপূর্তিতে সম্প্রতি নতুন ভোকালিস্ট হিসেবে সংগীতশিল্পী বালামের নাম ঘোষণা করেন ব্যান্ডের বর্তমান সদস্যরা। নতুন এক যাত্রা শুরু করে ব্যান্ডটি। এই নতুন যাত্রায় পুরোনো নাম ফেলে আসতে হলো ব্যান্ডের সদস্যদের। ‘এলআরবি’ নামে বালামের থাকা হলো না বেশিদিন। মাত্র ১০ দিনের মধ্যে পুরোনো ব্যান্ডের নাম পাল্টে গেল। ‘এলআরবি’ নামে আর ব্যান্ড নিয়মিত করতে পারবেন না তাঁরা। এমনটাই সম্প্রতি ঘোষণা করল ব্যান্ডটি।

ব্যান্ডটির নতুন নাম ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’। ব্যান্ডের অন্যতম সদস্য মাসুদ এই প্রসঙ্গে বলেন, ‘আইয়ুব বাচ্চুর প্রতি পূর্ণ শ্রদ্ধা থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বসের (আইয়ুব বাচ্চু) পরিবারের সদস্যরা এলআরবি নামটি ব্যবহার না করার জন্য আমাদের কাছে বিশেষভাবে অনুরোধ করেছেন। সে কারণেই নামটি পরিবর্তন করা হচ্ছে। তাই ব্যান্ডে নতুন নামকরণ করা হয়েছে। ব্যান্ডের শুধু নামটাই পরিবর্তন হচ্ছে। আর কিছুই না। আমরা স্টেজে এলআরবির সব গানই গাইতে পারব।’ এদিকে ব্যান্ডের নাম পরিবর্তন নিয়ে কিছুটা আবেগাপ্লুত এলআরবির সদস্যরা। এই বিষয়ে ব্যান্ডের ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, ‘বিষয়টি আমাদের কাছে অনেক আবেগের। আমরা আইয়ুব বাচ্চু ও এলআরবিকে অনেক ভালোবাসি। তাই আইয়ুব বাচ্চুর সম্মান রক্ষার্থে আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত। আইয়ুব বাচ্চু পরিবারে সদস্যদের অনুরোধের প্রতি সম্মান জানাতেই এলআরবি নামটি পরিবর্তন করে ‘বালাম অ্যান্ড দ্য লিগেসি’ রাখা হচ্ছে। তিনি প্রায়ই বলতেন, দ্য শো মাস্ট গো অন। তাই আমরা জোর দিয়ে বলছি, বালাম অ্যান্ড দ্য লিগেসি মাস্ট গো অন।’  এর আগে, ব্যান্ডের মূল ভোকাল হিসেবে বালামের অভিষেক অনুষ্ঠানে ব্যান্ডের অন্যান্য সদস্য জানিয়েছিলেন, এলআরবি ব্যান্ডের প্রাণপুরুষ প্রয়াত আইয়ুব বাচ্চুর প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান রেখে তার স্মৃতিকে অম্লান রাখতে এবং ব্যান্ডকে বাঁচিয়ে রাখার জন্যই তাদের এই প্রয়াস। ওই অনুষ্ঠানে বালাম বলেন, ‘আইয়ুব বাচ্চুর রিপ্লেসমেন্ট কখনোই সম্ভব নয়। এবি এবং এলআরবির গানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এবং নতুন প্রজন্ম ও পরবর্তী প্রজন্মের কাছে গানগুলোকে আগের মতোই পৌঁছে দিতে কাজ করব।’