অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের শাস্তি!

 
পার্কিংয়ের জন্য জায়গা নির্ধারণ করে দিলেও অনেক সময় দেখা যায় নির্ধারিত জায়গায় গাড়ি পার্ক না করে অনেকে যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখে। ব্যস্ত সড়কের দুইপাশে অবৈধভাবে গাড়ি পার্ক করে রাখার জন্য সরু হয়ে যায় রাস্তার গাড়ি চলাচলের জায়গা।
 
রাজপথে অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে দুঃসহ যানজটের শিকার হতে হয় সাধারণ মানুষকে। রাস্তায় অবৈধ গাড়ি পার্কিংয়ের জন্য অনেক সময় চালকদের জরিমানা করেও লাভ হয় না। তবে এবার চীনের হুবেই প্রদেশে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের জন্য বিচিত্র এক শাস্তির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ব্যস্ত রাস্তার মাঝখানে গাড়ি রেখে আশেপাশে চলে গিয়েছিলেন চালক। ফিরে এসে দেখেন যেখানে গাড়ি রেখে গিয়েছিলেন সেখানে নেই। খোঁজ নিয়ে জানতে পারেন তার প্রিয় গাড়িটি রাখা হয়েছে পাশের একটি ভবনের ছাদে।
 
অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের অপরাধে কর্তৃপক্ষ গাড়িটিকে একটি ক্রেন দিয়ে তুলে নিয়ে রেখে দিয়েছিল ঐ ছাদে। গাড়িটি উদ্ধার করতে তাকে যে বেশ বেগ পেতে হবে সেটি বলার অপেক্ষা রাখে না।-এনডিটিভি
 
ইত্তেফাক/মোস্তাফিজ