ধুনটে ধান ক্ষেত থেকে শ্রমিকের লাশ উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের চাপড়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে আবুল কালাম (৪৮) নামের এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
 
নিহত আবুল কালাম পটুয়াখালী জেলা সদরের কমলাপুর ইউনিয়নের ভরিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম বিয়ের পর থেকে পরিবার পরিজন নিয়ে উপজেলার ঝিনাই গ্রামের শ্বশুর বাড়িতে বসবাস করতেন। তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন। এদিকে প্রায় ৪ বছর আগে তার স্ত্রী লাভলি খাতুন জীবিকার তাগিদে স্বামী ও সন্তান বাবার বাড়িতে রেখে বিদেশে (ওমান) অবস্থান করেন। এ অবস্থায় বৃহস্পতিবার সকালের দিকে শ্বশুর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে চাপড়া বিলে ধান ক্ষেতের ভেতর আবুল কালামের লাশ দেখেন স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
 
নিহতের শ্বশুর তোফাজ্জল হোসেন বলেন, বুধবার সন্ধ্যার দিকে প্রতিবেশীদের বাড়িতে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয় আবুল কালাম। এরপর ওই রাতে আর তিনি বাড়ি ফিরে আসেনি। সকালে গ্রামের লোকজনের নিকট জানতে পারি জামাতার লাশ পার্শ্ববর্তী বিলের ভেতর পড়ে আছে। তবে কখন কি ভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না। আবুল কালামের মৃত্যুর সংবাদ মোবাইল ফোনের মাধ্যমে তার স্বজনদের জানানো হয়েছে।
 
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মাদ এরফান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আবুল কালামের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হচ্ছে না। তবে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/এসএস